রাবিতে এক কর্মচারি গ্রেপ্তার
Wednesday, 03.03.2010, 08:15pm (GMT+9)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা ও হতাহতের ঘটনায় জড়িত সন্দেহে বুধবার নাসির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে বারটার দিকে রাজশাহী মহানগরের মতিহার থানার পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নাসির হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৮ ফেব্রুয়ারি রাতে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার ঘটনায় জড়িত হিসেবে নাসির হোসেনকে পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ ফেব্র“য়ারি রাতে হামলার ঘটনায় পুলিশের পক্ষে দায়ের করা মামলায় নাসির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্র“য়ারি রাতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী বিপুল সংখ্যক বহিরাগত ক্যাডার নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীসহ পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। গুরুতর আহত হন পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী। # রাবির বনসাই সোসাইটির যাত্রা শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বনসাই সোসাইটি (রুবক) একটি শৈল্পিক সৃজনশীল পরিবেশবাদী সামাজিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার বিকেল চারটায় কেন্দ্রীয় কাফেটেরিয়ায় রুবকের আহ্ববায়ক আবু আইয়ুবের উদ্যোগে রাবি বনসাই সোসাইটি এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্ববায়ক প্রফেসর ড. এম. কাহ্ নেওয়াজ আলী এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ উপস্থিত ছিলেন । এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রফেসর মুর্ত্তুজা খালেদ, সহকারী প্রক্টর মুসতাক আহমেদ, প্রগতিশীল শিক্ষক সমাজের ফারুক সরকার, অভিজিৎ রায়, রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু প্রমূখ। এ সময় ২০ জনকে সোসাইটির সদস্য পদ প্রদান করা হয়। রুবক সদস্যদের ফ্রি বনসাই ট্রেনিং, ইন্টারনেট সেবা প্রদান এবং বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে গ্রহন করা হবে বলে জানানো হয়।
বিবেকবার্তা ডট কম
|