আরেকটি নামফলক বদল
Sunday, 07.03.2010, 08:24am (GMT+9)
 রাজধানীর জিয়া উদ্যানের বিভিন্ন অংশে লাগানো নামফলক শনিবার রাতে ভেঙে ফেলা হয়েছে। রাত ৮টায় শুরু হয়ে চারঘণ্টা ধরে ফলক ভাঙার কাজ চলে। গতমাসে মন্ত্রিসভার বৈঠকে ৩৯টি প্রতিষ্ঠান/স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। প্রায় দুই সপ্তাহ আগে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশও জারি করে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব প্রতিষ্ঠানের নাম বদল করা হয়েছিল। ওই ৩৯ প্রতিষ্ঠানের মধ্যে 'জিয়া উদ্যান'র নাম বদল করে 'চন্দ্রিমা উদ্যান' করার কথাও রয়েছে। ইতোমধ্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে। ভাঙার কাজে নিয়োজিত শ্রমিক মো. আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে শুরু হয়ে ১২টা নাগাদ সবকটি ফলক ভাঙার কাজ শেষ হয়। ১৫-২০ জন শ্রমিক নামফলক ভাঙার সময় সংশ্লিষ্ট ঠিকাদার বা উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের দেখা যায়নি। তবে ঘটনাস্থলের অদূরে পুলিশের কয়েকটি টহলগাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, ভাঙার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ ব্যাপারে তিনি গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন বলে জানান।
বিবেকবার্তা ডট কম
|