উত্তপ্ত সংসদ থেকে আবারো বিএনপির ওয়াকআউট
Wednesday, 03.03.2010, 12:14pm (GMT+9)
 রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের উপস্থিতিতে মঙ্গলবারও সংসদ অধিবেশন ছিল উত্তপ্ত। জিয়াউর রহমানকে 'আইএসআই এজেন্ট ও খুনি' বলার প্রতিবাদে এদিনও ওয়াকআউট করে বিএনপি। রাত পৌনে ৮টার দিকে মওদুদ আহমেদের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা বেরিয়ে যান। এর পর তারা আর অধিবেশনে ফেরেননি। রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, "বিএনপি'র প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র সাবেক এজেন্ট। এই খুনি ক্ষমতা দখল করেন এবং রাজাকারদেরও মন্ত্রী বানিয়েছেন। শাহ আজিজকে প্রধানমন্ত্রী এবং আব্দুল আলীমকে রেলমন্ত্রী বানিয়েছিলেন। সব রাজাকার ও সুবিধাবাদীদের নিয়ে দল বানিয়েছেন।" শফিকুল ইসলামের বক্তব্য চলার সময়ই মওদুদ আহমেদের নেতৃত্বে বিএনপি ওয়াক আউট করে। এসময় জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি'র গোলাম মোস্তফা বলেন, "মানুষকে দীর্ঘদিন বোকা বানিয়ে রাখা যায় না। প্রধানমন্ত্রী ভারতের সাথে যে চুক্তি করেছেন তা ভারতের স্বার্থেই করেছেন।" তিনি আরো বলেন, "শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ পাকিস্তানী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে চলে যান। জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন।" সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ এ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। আলোচনায় আরো অংশ নেন জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা প্রমুখ। সাড়ে ৮টায় স্পিকার আব্দুল হামিদ অধিবেশন মূলতবি ঘোষণা করেন।
Bibekbarta.com
|