স্পিকারের কাছে আচরণ শেখার কিছু নেই'
Sunday, 07.03.2010, 01:27am (GMT+9)
স্পিকারের কাছ থেকে সংসদ সদস্যদের নতুন করে আচরণবিধি শেখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় স্পিকার আবদুল হামিদের দেওয়া রুলিংয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গত বুধবার সংসদে সরকারি ও বিরোধীদলীয় সদস্যদের আক্রমণাত্মক ভাষা ব্যবহার এবং মারমুখী আচরণের পরদিন বৃহস্পতিবার স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেছিলেন, "অসংসদীয় ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে মাইক বন্ধ হয়ে যাবে। ফাইটিং বা রেসলিং করতে চাইলে পল্টনে চলে যান। সংসদের বাইরেও মাঠ আছে। গায়ে তেল মেখে আন্ডারওয়ার পরেও সেখানে চলে যেতে পারেন।" সংসদের পরিবেশ ও মান-মর্যাদা রক্ষা এবং জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সংসদ সদস্যদের আরো সচেতন হতে বলেন স্পিকার। সভায় জয়নাল আবদিন বলেন, "ভাল আচরণের কারণেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন। আমি পাঁচবার নির্বাচিত হয়েছি। এতদিন পর এসে আমাদের আচরণবিধি শেখানোর স্পিকার কে?" বিরোধী দলের চিফ হুইপ অভিযোগ করেন, "সংসদে সরকারি দলের সদস্যদের কুরুচিপূর্ণ বক্তব্যের জবাবে বিরোধীদলীয় সাংসদরা যখন শেখ মুজিবর রহমানের ব্যাপারে সত্য কথা বলা শুরু করেছেন তখন তাদের মুখ বন্ধ করতে স্পিকার এ রুলিং দেন।" জয়নাল আবদিন আরো বলেন, "সংসদে প্রয়াত নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রথম শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ নিয়ে যখন কথা বলছিলেন তখন স্পিকার তার মাইক বন্ধ করে দিলে আজ এ পরিস্থিতির সৃষ্টি হতো না।"
সেদিন বিষয়টি অনুধাবন না করে এতদিন পর রুলিং দেওয়ায় তার নিরপেক্ষতা এবং আন্তরিকতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ। বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে জয়নাল আবদিন দাবি করেন, "এ বিদ্রোহের ঘটনায় নানক-আজম জড়িত। তাদের গ্রেপ্তার না করলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে না।" এছাড়া বিদেশি চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অশান্ত করে তুলছে বলেও অভিযোগ করেন বিরোধী দলের চিফ হুইপ। তবে তিনি বিদেশি চক্র বলতে কাদের বুঝিয়েছেন তা উল্লেখ করেননি। সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সভাপতি শওকত হোসেন নীলু প্রমুখ বক্তব্য রাখেন।
Bibekbarta.com
|